খাল খননে দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
তিনি বলেন, খাল খননের ফলে পানির প্রবাহ ঠিক হবে। এতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ও খরা মৌসুমে সেচ প্রদানে সুবিধা হবে। ফলে কৃষি ও কৃষকের উন্নয়ন হবে। ভরাট হয়ে যাওয়া খাল খননের কারণে বর্ষা ও খরায় শতভাগ সুফল পাবে জনগণ। বিএনপি সরকার জনগণের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
সোমবার (১৬ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় মহিষাখালী খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান জনগণ ও কৃষকের কল্যাণে সেচ সুবিধা নিশ্চিত করতে এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পুনরায় খাল খনন কর্মসূচি শুরু করে কৃষকের স্বার্থে তা বাস্তবায়ন করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, গ্রাম অঞ্চলের সব নারী-পুরুষের জন্য বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী মাস থেকে কৃষক কার্ড বিতরণ এবং জুনের শেষ দিকে পাইলট প্রকল্পের আওতায় হেলথ কার্ড বিতরণ শুরু হবে। এ ছাড়া ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের ঘোষণা দেন তিনি। এরই মধ্যে প্রতিটি ইউনিয়নের মসজিদ ও মাদ্রাসা উন্নয়নে কাজ শুরু হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ০২ পলাশ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী ০১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী ০৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী ০৫ রায়পুরা আসনের সংসদ সদস্য মো: আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মেহেদী হাসান রিফাত, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি সজীব মিয়া, বেলাব উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব মো. হান্নান মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ সহ প্রমুখ।
পরে স্বাস্থ্য মন্ত্রীসহ জেলার ৫ সংসদ সদস্য কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। মহিষাখালী খালটি ১১৩০ মিটার দৈর্ঘ্যের, প্রস্থ ২০ মিটার, গভীরতা ৬০ ফুট।