মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় কঠোর অবস্থানে নিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন, এই সংকটময় পরিস্থিতিতে জ্বালানি পণ্যের দাম বাড়িয়ে বাড়তি মুনাফা করা বা ‘মুনাফাখোরি’ কোনোভাবেই বরদাশত করা হবে না।
ক্রমবর্ধমান জ্বালানি খরচ সাধারণ মানুষের ওপর যাতে বিরূপ প্রভাব না ফেলে, তা নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সবকিছু করার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান।
এই পরিস্থিতির মোকাবিলায় ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, আজই লন্ডনের ডাউনিং স্ট্রিটে জ্বালানি সংস্থা এবং পেট্রল খুচরা বিক্রেতাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন দেশটির চ্যান্সেলর র্যাচেল রিভস ও জ্বালানিসচিব এড মিলিব্যান্ড।
বৈঠকে জ্বালানি পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার উপায় এবং সংস্থাগুলো বর্তমানে কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, তা নিয়ে বিশদ আলোচনা করা হবে। সাধারণ গ্রাহকদের সুরক্ষার স্বার্থে সরকার জ্বালানি ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ প্রয়োগ করতে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে।
সূত্র: বিবিসি